০৪ মে ২০২৬

দৈনন্দিন

নির্বাচনে জয়ী হয়ে শাহজালাল মাজারে শুকরানা আদায় মুক্তাদিরের

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে গিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে শুকরানা আদায় করেছেন সিলেট-১ আসনের নবনির্বাচিত বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ আসর তিনি মাজার প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

এর আগে নির্বাচন-পরবর্তী বিজয় উল্লাস বা মিছিল-মিটিং না করার নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমেই শুকরিয়া আদায় করেন মুক্তাদির।

 

এ সময় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রথমেই আল্লাহ তা’আলার প্রতি সীমাহীন শুকরিয়া জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মূল অভিভাবক, সদ্য মরহুমা বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি। সর্বোপরি সকল ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার সিলেটবাসীর প্রতি। 

 

তিনি আরও বলেন, সিলেটের জনগণ নিজেদের ভালোবাসা উজাড় করে দিয়ে আমাকে বিজয়ী করেছেন। এবার শুধু পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কাজ করতে হবে। আমরা সবাই মিলে সুখী-সমৃদ্ধ সিলেট গড়বে ইনশা আল্লাহ।

 

সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ আহমদ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট-১ আসন, সিলেট, খন্দকার মুক্তাদির, শুকরানা আদায়, শাহজালাল রহ. মাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ