২৩ আগস্ট ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

তাহিরপুরে হাউসবোট থেকে পড়ে নিখোঁজ, ৪২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৬ ২:০২ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদীতে হাউসবোট থেকে পড়ে নিখোঁজ হওয়া রুকাইয়া নুর (১০) নামের এক শিশুর মরদেহ ৪২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার পিরোজপুর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।


নিহত রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গলচামোট ২ নম্বর সড়ক এলাকার চিকিৎসক শাহনুর রহমানের মেয়ে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারি ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোটে করে শুক্রবার সকালে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা হন। পরে টাঙ্গুয়ার হাওর ঘুরে তারা যাদুকাটা নদীর দিকে যাচ্ছিলেন।


পথে শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল খেয়াঘাট এলাকার বৌলাই নদীতে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ পানিতে পড়ে যায় রুকাইয়া। সে সময় হাউসবোটে থাকা পর্যটক ও স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।


শুক্রবার ও শনিবার দুই দিন ধরে বৌলাই নদীতে তল্লাশি চালিয়েও রুকাইয়ার সন্ধান পাওয়া যায়নি। রোববার ভোরে পিরোজপুর গ্রামের পাশে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানিয়েছেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি বা অভিযোগ নেই। হাউসবোটটিও তাদের নিজেদের। তবে কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, তাহিরপুর, রুকাইয়া নুর, বৌলাই নদী, হাউসবোট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ