টাঙ্গুয়ার হাওরে দূষণ ঠেকাতে লাল নিশান, বিলবোর্ডে ৬ নির্দেশনা
সিলেটজুড়ে
প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৬ ২:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সংরক্ষণে ইঞ্জিনচালিত নৌযানের চলাচল নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে পরিবেশ অধিদপ্তর। হাওরে প্রবেশের গুরুত্বপূর্ণ তিনটি চ্যানেলে লাল নিশান টানানোর পাশাপাশি পর্যটক ও হাউসবোটসংশ্লিষ্টদের জন্য বিভিন্ন বিধিনিষেধ তুলে ধরে বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল টাঙ্গুয়ার হাওরের জয়পুর, গোলাবাড়ি ও রামসিংহপুর দাসপাড়া চ্যানেলের প্রবেশমুখে লাল নিশান টানায়। এসব চ্যানেল দিয়ে মধ্যনগর ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকা থেকে নৌযান হাওরে প্রবেশ করে।
পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হকের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম, জয়পুর-গোলাবাড়ি ভিসিজি কমিটির সাধারণ সম্পাদক আহমদ কবির, ইন্দ্রপুর ভিসিজি কমিটির সভাপতি অখিল তালুকদারসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের সচেতন করতে জয়পুর ও গোলাবাড়ি এলাকায় ছয়টি নির্দেশনাসংবলিত বিলবোর্ডও স্থাপন করা হয়েছে। এতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার, মাইক ও উচ্চ শব্দে গান বাজানো নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, হাউসবোটগুলোকে জয়পুর-গোলাবাড়ি সংলগ্ন এলাকায় অবস্থান করতে হবে। পাশাপাশি ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকা ও হাওরের কোর জোনে হাউসবোট বা ট্রলার নিয়ে প্রবেশ করা যাবে না।
বিলবোর্ডে পাখি শিকার, পাখি কেনাবেচা ও বহনকে দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। হাওরের হিজল, করচসহ কোনো ধরনের গাছপালা কাটার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাইদ বলেন, টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় পর্যটকবাহী হাউসবোটের প্রবেশ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগ ইতিবাচক। তবে শুধু নির্দেশনা বা নিষেধাজ্ঞা জারি করলেই হবে না, এর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে হাওর রক্ষায় নানা নির্দেশনা দেওয়া হলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন সব সময় দেখা যায়নি। হাওরে ব্যবসার উদ্দেশ্যে আসা অনেক নৌযান মালিক ও পর্যটক প্রশাসনের বিধিনিষেধ মানছেন না। তাই নিয়মিত নজরদারির পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, টাঙ্গুয়ার হাওরে নৌযানের প্রবেশ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ চ্যানেলগুলোতে লাল নিশান টানানো হয়েছে। পর্যটক, হাউসবোট মালিক ও নৌযানসংশ্লিষ্ট ব্যক্তিদের বিধিনিষেধ সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে বিলবোর্ডও স্থাপন করা হয়েছে। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ইঞ্জিনচালিত নৌযানের প্রবেশ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ চ্যানেলে লাল নিশান টানিয়েছে পরিবেশ অধিদপ্তর। পর্যটকদের সচেতনতায় বসানো হয়েছে নির্দেশনাসংবলিত বিলবোর্ড।