সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৪৩
যাপিতজীবন
প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৬ ২:১৬ অপরাহ্ন
সিলেট বিভাগে হামের পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে। একই সময়ে নতুন করে ১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ২৩ আগস্টের হাম ও রুবেলা রোগসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে শিশুটি মারা গেছেন, তিনি সুনামগঞ্জের বাসিন্দা। তার বয়স ছিল আট মাস। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫ জন। এর মধ্যে সিলেটে ৩৪৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। নিশ্চিত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের হাম শনাক্ত হয়েছে।
এদিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও কমছে না। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১৪ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন, নর্থ ইস্ট হাসপাতালে একজন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহভাজন হিসেবে ভর্তি আছেন ৩২৫ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে চারজন রয়েছেন। এছাড়া গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, বিয়ানীবাজারে পাঁচজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩৬ জন, জামালগঞ্জে দুজন, হবিগঞ্জ সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২৩ জন ভর্তি রয়েছেন।
জেলা অনুযায়ী, চলতি সময়ে হামের সন্দেহজনক ও নিশ্চিত এই দুই ধরনের মৃত্যুর সংখ্যা মিলিয়ে সুনামগঞ্জেই সবচেয়ে বেশি। সেখানে এ পর্যন্ত ৫৬ জন সন্দেহজনক হাম রোগী মারা গেছেন এবং চারজনের মৃত্যু নিশ্চিত হাম রোগী হিসেবে নথিভুক্ত হয়েছে। সব মিলিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ৫৭ জন।
সিলেটে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু ৫১ জন এবং নিশ্চিত হাম রোগীর মৃত্যু চারজন মোট ৫৫ জন। হবিগঞ্জে এ সংখ্যা যথাক্রমে ১৪ ও ৪ মোট ১৮ জন। মৌলভীবাজারে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু ১২ জন এবং নিশ্চিত হাম রোগীর মৃত্যু একজন মোট ১৩ জন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে ১৩৩ জনের। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে ১০ জনের। দুই হিসাব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে।
সিলেটে হাম, হাম পরিস্থিতি, হামে মৃত্যু, হামের উপসর্গ, সিলেট বিভাগ, হাম রোগী, হাম শনাক্ত, স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন