২৩ আগস্ট ২০২৬

শিল্প-সাহিত্য-সংস্কৃতি / সংস্কৃতি

সিসিকের দশ হাজার টাকার চেক ফেরত দিল প্রকাশক পরিষদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে দেওয়া অনুদানের ১০ হাজার টাকার চেক ফেরত দিয়েছে প্রকাশক পরিষদ সিলেট। সংগঠনটির পক্ষ থেকে বলা হচ্ছে, প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে আয়োজিত সিলেট বইমেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে সিসিকের এই অনুদান প্রত্যাশিত ছিল না।


গত ২০ আগস্ট প্রকাশক পরিষদ সিলেটের সভাপতি নাজমুল হক নাজু ও সম্পাদক সুফি সুফিয়ানের স্বাক্ষরিত একটি চিঠি সিটি করপোরেশনে পাঠানো হয়। একই দিন চিঠিটি গ্রহণ করে সিটি করপোরেশন।


চিঠিতে প্রকাশক পরিষদ উল্লেখ করে, গত ১০ মে থেকে ১৬ মে পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে ‘সিলেট বইমেলা ২০২৬’ এর আয়োজন করা হয়। মেলায় প্রায় দুই শতাধিক শিশুকিশোরের পাঠাভ্যাস গড়ে তুলতে বই দেওয়া হয়। পাশাপাশি প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে নবীন-প্রবীণ শতাধিক শিল্পী অংশ নেন। তাদের প্রত্যেকের হাতেও একটি করে বই তুলে দেওয়া হয়।


সংগঠনটির তথ্য অনুযায়ী, বইমেলাকে কেন্দ্র করে শিল্প-সংস্কৃতির মিলনমেলা তৈরি করতে তাদের প্রায় ছয় লাখ টাকা ব্যয় হয়। মেলার সার্বিক পৃষ্ঠপোষক হিসেবে সিলেট সিটি করপোরেশনের নাম উল্লেখ করে ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার কার্যক্রমও চালানো হয়।


মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় নেতৃবৃন্দ, কবি ও সাহিত্যিকেরা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।


চিঠিতে সংস্থাটি জানায়, বইমেলা শেষে সিলেট সিটি করপোরেশনের কাছে আর্থিক অনুদানের জন্য আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১০ হাজার টাকা মঞ্জুর করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে একটি চেক দেওয়া হয়। তবে সংগঠনটি ওই চেক গ্রহণ না করে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়।


চিঠিতে বলা হয়, ‘ছয় লক্ষ টাকা ব্যয় করে আয়োজিত বইমেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছ থেকে দশ হাজার টাকা অনুদান, যা কখনই কাম্য ছিল না। শিল্পসাংস্কৃতির পথ সুদূর করতে স্থানীয় প্রশাসনে এমন কৃপণতা সত্যিই লজ্জাজনক।’


শেয়ার করুনঃ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি থেকে আরো পড়ুন

সিসিক, প্রকাশক পরিষদ, বইমেলা, অনুদান, সিলেট, চেক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ