সিলেটে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেটের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজিব হোসাইনের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এলাকার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে জানানো হয়, মঙ্গলবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টায় সিলেটে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা কমে দাঁড়ায় ৮৭ শতাংশে।
আবহাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল ৩১ আগস্ট সকাল ৬টা থেকে আজ ১ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৩৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৩ দশমিক ২ মিলিমিটার।
শাহ্ মো. সজিব হোসাইন জানান, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া হতে পারে। একই সময়ে দিন-রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা, আবহাওয়ার পূর্বাভাস, সিলেটের আবহাওয়া, দমকা হাওয়া