০১ সেপ্টেম্বর ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

জগন্নাথপুরে বন্ধ বসতঘর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় একটি বন্ধ বসতঘর থেকে আসিয়া বেগম (৫৫) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাত নয়টার দিকে পৌরসভার ভবের বাজার ২ নম্বর ইনাতনগর এলাকায় ওই ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের নজরে আসে বিষয়টি।


নিহত আসিয়া বেগম ওই এলাকার মৃত আব্দুল মালিকের স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন। তার একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে।


স্থানীয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাতে আসিয়া বেগমের দেবরপুত্র সুজাত ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পান। সন্দেহ হওয়ায় তিনি ঘরের দরজায় ধাক্কা দেন। এতে দরজা কিছুটা ফাঁক হয়ে যায়। তখন তিনি ভেতরে পচাগলা মরদেহ দেখতে পান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।


কবি ও লেখক শাহ্ মাহফুজুল করিম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে ঘরের দরজায় বাইরে থেকে তালা ঝুলতে দেখেন। তালাটি যাতে সহজে খোলা বা সরানো না যায়, সে জন্য তালা লাগানোর জায়গায় কৌশলে একটি বাঁশের লাঠিও গুঁজে রাখা হয়েছিল।


নিহত আসিয়া বেগমের মেয়ে কল্পনার স্বামী দিলশাদ মিয়া অভিযোগ করেন, তার শাশুড়ির কাছে চিকিৎসার জন্য রাখা প্রায় ৪০ হাজার টাকা ছিল। ওই টাকা আত্মসাতের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। এছাড়া স্বাভাবিক মৃত্যু হলে বাইরে থেকে ঘরে তালা লাগানো এবং সেটি এমনভাবে আটকানোর বিষয়টি প্রশ্নের জন্ম দেয়। ঘরের চাবি সব সময় নিহতের কোমরে ঝোলানো থাকত বলেও দাবি করেন তার।


জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুরে নারীর লাশ, আসিয়া বেগম, অর্ধগলিত লাশ, বন্ধ ঘর, জগন্নাথপুর, সুনামগঞ্জ, পরিকল্পিত হত্যাকাণ্ড, পুলিশ তদন্ত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ