৩১ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / প্রকৃতি

শ্রীমঙ্গলে গরুর খামারে ঢুকে পড়া ১৫ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৩০ আগস্ট, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি গরুর খামারে ঢুকে পড়া প্রায় ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। অজগরটির ওজন প্রায় ২৫ কেজি। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।


রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামার থেকে অজগরটি উদ্ধার করা হয়।


স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে অজগরটি খামারে ঢুকে পড়ে। এ সময় খামারে থাকা গরুগুলো অস্বাভাবিকভাবে চেঁচামেচি ও ছুটাছুটি শুরু করে। গরুর এমন আচরণ দেখে খামারের মালিক জসীম উদ্দিন এগিয়ে গিয়ে খামারের ভেতরে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান।


পরে গরুর চেঁচামেচি ও নড়াচড়ায় অজগরটি খামার থেকে বের হয়ে বাইরে চলে আসে। এতে খামারে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। পরে তাঁরা সতর্কতার সঙ্গে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।


উদ্ধারের পর অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।


স্থানীয় বাসিন্দারা জানান, শ্রীমঙ্গল ও আশপাশের এলাকায় প্রায়ই লোকালয় ও বিভিন্ন স্থাপনায় বন্যপ্রাণী চলে আসছে। এসব প্রাণীকে না মেরে প্রশিক্ষিত উদ্ধারকারী দল বা বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তাঁরা।


বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, প্রতিদিনই প্রায় কোথাও না কোথাও থেকে বন্যপ্রাণী উদ্ধার হচ্ছে। বনের পরিবেশ বিপর্যয় এবং প্রাণীদের খাবারের তীব্র সংকট দেখা দেওয়াতে প্রাণীরা খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে আসছে। আজকে উদ্ধার করা অজগরটি প্রায় ১৫ ফুট লম্বা এবং এর ওজন ২৫ কেজি।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

গরুর খামার, অজগর সাপ, বন্যপ্রাণী উদ্ধার, শ্রীমঙ্গল বন বিভাগ, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, পরিবেশকর্মী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ