০১ সেপ্টেম্বর ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

দুই সপ্তাহেও জগন্নাথপুরে নতুন কর্মস্থলে যোগ দেননি ডা. সুবর্ণা, বিপাকে মাঠকর্মীরা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন

ছবিঃ ডা. সুবর্ণা রায় তুলি। সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হলেও নতুন কর্মস্থলে যোগদান করেননি ডা. সুবর্ণা রায় তুলি। গত ১৮ আগস্ট থেকে প্রায় দুই সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি তিনি।


এ অবস্থায় উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের প্রশাসনিক ও মাঠপর্যায়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন মাঠকর্মীরা। ফলে মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করতেও বিপাকে পড়ছেন তারা। 


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জগন্নাথপুর হাসপাতালের পরিবার পরিকল্পনা কার্যালয়ে সরেজমিনে গিয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পাওয়া যায়নি। এ সময় অফিস সহকারী নির্মল দেবনাথ জানান, ডা. সুবর্ণা রায় তুলি এখনো জগন্নাথপুরে যোগদান করেননি।


নির্মল দেবনাথ বলেন, ‘স্যার (সুর্বনা রায় তুলি) এখন পর্যন্ত আমাদের জগন্নাথপুর যোগদান করেননি। শুনেছি অর্ডার হয়েছে।’


জানা গেছে, ডা. সুবর্ণা রায় তুলি এর আগে সিলেট সদর হাসপাতালে কর্মরত ছিলেন। সেখান থেকে নানা অভিযোগে তাকে ‘স্ট্যান্ড রিলিজ’করে জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। 


প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৮ আগস্ট ডা. সুবর্ণার জগন্নাথপুরে যোগদানের কথা ছিল। তবে তিনি নির্ধারিত সময়ে জগন্নাথপুরে যোগ না দিয়ে গত ২৫ আগস্ট সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যোগদান করেন বলে জানা গেছে।  


এদিকে দীর্ঘদিন কর্মকর্তা না থাকায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনায় সমস্যায় পড়ছেন মাঠকর্মীরা।


মাঠকর্মীদের দাবি, কর্মকর্তা না থাকায় মাঠপর্যায়ের তদারকি, নিয়মিত দাপ্তরিক অনুমোদন, প্রশাসনিক দিকনির্দেশনা এবং পরিবার পরিকল্পনা–সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রী ও সেবা নিশ্চিত করতে নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে। এতে উপজেলার দূরদূরান্তের সাধারণ মানুষ ও সেবাগ্রহীতারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও জানান তারা। 


এ অবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুত নবনিযুক্ত কর্মকর্তাকে কর্মস্থলে যোগদান করার দাবি জানান ভুক্তভোগী কর্মীরা।


এ ব্যাপারে ডাক্তার সুবর্ণা রায় তুলির সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা উপ সহকারী কর্মকর্তা তপন কান্তি গোষ বলেন, ‘সুর্বনা রায় তুলি আমাদের জেলা অফিসে যোগদান করেছেন। জগন্নাথপুরে তার যোগদান করার কথা রয়েছে। এখনো যদি তিনি সেখানে যোগদান না করেন তা আমরা খতিয়ে দেখছি।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. সুবর্ণা রায় তুলি, জগন্নাথপুর, মাঠকর্মী, সুনামগঞ্জ, স্বাস্থ্যসেবা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ