০১ সেপ্টেম্বর ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবির শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি ট্যুরের লভ্যাংশসহ ৩৫ হাজার টাকা দিল ট্যুরিস্ট ক্লাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪০ অপরাহ্ন


ভ্রমণের আনন্দের পাশাপাশি অসুস্থ এক সহপাঠীর চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভ্রমণবিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্ট (টিসিএস)। লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসার জন্য সংগঠনটি দিয়েছে ৩৫ হাজার টাকা।


চ্যারিটি ট্যুর থেকে পাওয়া লভ্যাংশের পুরো অর্থের সঙ্গে সংগঠনের অ্যালামনাই ও বর্তমান সদস্যদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ এবং বিভিন্ন মসজিদে সংগৃহীত অর্থ মিলিয়ে এই সহায়তা দেওয়া হয়।


সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের একটি কক্ষে অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলামের কাছে অর্থ তুলে দেন ট্যুরিস্ট ক্লাব সাস্টের সদস্যরা।


সংগঠন সূত্রে জানা গেছে, আশরাফুল আলমের চিকিৎসায় সহায়তার জন্য গত ৭ জুলাই ‘সিলেট এক্সপ্লোর ২.০: ট্যুর ফর চ্যারিটি’ শীর্ষক একটি ট্যুরের আয়োজন করা হয়। ট্যুর থেকে পাওয়া লভ্যাংশের পুরোটা আশরাফুলের চিকিৎসা সহায়তা তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।


এর পাশাপাশি ট্যুরিস্ট ক্লাব সাস্টের সাবেক ও বর্তমান সদস্যদের কাছ থেকেও অর্থ সংগ্রহ করা হয়। বিভিন্ন মসজিদ থেকেও আশরাফুলের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা হয়। এসব উৎস থেকে পাওয়া অর্থ একত্র করে মোট ৩৫ হাজার টাকা তাঁর চিকিৎসা তহবিলে দেওয়া হয়েছে।


ট্যুরিস্ট ক্লাব সাস্টের সভাপতি মো. নুরজামান হৃদয় বলেন, ‘আশরাফুল ভাইয়ের চিকিৎসা সহায়তায় সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এসেছেন। ট্যুরিস্ট ক্লাব সাস্টও সংগঠন হিসেবে তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়। চ্যারিটি ট্যুরের মাধ্যমে অর্থ সংগ্রহের পাশাপাশি আমাদের অ্যালামনাই, সদস্য ও বিভিন্ন মসজিদ থেকেও অর্থ সংগ্রহ করা হয়েছে।’


তিনি আরও বলেন, ‘সব উৎস থেকে সংগ্রহ করা অর্থ মিলিয়ে মোট ৩৫ হাজার টাকা আশরাফুল ভাইয়ের চিকিৎসা তহবিলে প্রদান করা হয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য আমরা সবার কাছে দোয়া কামনা করছি।’


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, ট্যুরিস্ট ক্লাব সাস্ট, আশরাফুল আলম, চ্যারিটি ট্যুর, চিকিৎসা সহায়তা, সিলেট এক্সপ্লোর, শাবিপ্রবি শিক্ষার্থী, মানবিক সহায়তা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ