৩১ আগস্ট ২০২৬

সংগ্রাম-স্বাধীনতা / মুক্তিযুদ্ধ

‘শ্রীরামসি গণহত্যা দিবস’ সোমবার, নানা কর্মসূচীর আয়োজন

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩০ আগস্ট, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস আগামীকাল সোমবার (৩১ আগস্ট)। ১৯৭১ সালের ওই দিনে শ্রীরামসি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালায়। এরপর থেকে প্রতিবছর ৩১ আগস্ট দিনটি ‘শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হয়।


এদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এবারও শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি মুন্তাকিম হোসেন জানান, দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাঁদের স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া মেধা নির্বাচনী প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।


ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯৭১ সালের ৩১ আগস্ট সকাল ১০টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা সাত-আটটি নৌকায় করে শ্রীরামসি বাজারে আসে। পরে স্থানীয় রাজাকারদের মাধ্যমে গ্রামবাসীকে খবর দেওয়া হয়, শ্রীরামসি হাইস্কুল মাঠে শান্তি রক্ষা কমিটির সভা আহ্বান করা হয়েছে। সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য গ্রামে প্রচার চালানো হয়।


শান্তির আশায় সেদিন গ্রামের লোকজন স্কুল মাঠে সমবেত হন। যারা আসতে দেরি করেন, তাঁদেরও ডেকে আনা হয়। এরপর পাকিস্তানি সেনারা ১০ থেকে ১২ জন করে বিদ্যালয়ের কক্ষে ডেকে নিয়ে হাত-পা বেঁধে লাইনে দাঁড় করিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করে। ইতিহাস অনুযায়ী সেদিন হানাদার বাহিনী শ্রীরামসিতে নির্মমভাবে ১২৬ জন মানুষকে হত্যা করে। 


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

গণহত্যা দিবস, শ্রীরামসি, পাকিস্তানি হানাদার বাহিনী, শহীদ স্মৃতি সংসদ, জগন্নাথপুর, মিরপুর ইউনিয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ