০৯ আগস্ট ২০২৬

সংগ্রাম-স্বাধীনতা / জুলাই গণঅভ্যুত্থান

এমপি মাহফুজা হান্নান

‘মৌলিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় এখনো অনেক কাজ বাকি’

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন


জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও দেশে মৌলিক অধিকার, মানবিক মর্যাদা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অনেক কাজ বাকি রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাহফুজা হান্নান।


তিনি বলেছেন, ‘মৌলিক অধিকার, মানবিক মর্যাদা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এখনো অনেক কাজ বাকি। জুলাইয়ের শহীদ আবু সাঈদ, আবু তোরাব, মুগ্ধসহ সকল শহীদের আত্মত্যাগ আমাদের জন্য একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দায়িত্ব তৈরি করেছে।’


শুক্রবার (৭ আগস্ট) সিলেট নগরীর রিকাবীবাজারের কাজী নজরুল অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর মহিলা বিভাগের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


অনুষ্ঠানে প্রায় সাড়ে পাঁচশ নারী অংশ নেন। অনুষ্ঠানে সিলেট সদরের জুলাই শহীদ মোস্তাকের মাকে সম্মাননা জানানো হয়।


তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা তখনই নিশ্চিত হবে, যখন দেশে ন্যায়বিচার, মানবিক মর্যাদা, মৌলিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।’


অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের চেতনা, শহীদ ও আহতদের ত্যাগ, জনমানুষের প্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন পেশাজীবী থানার সেক্রেটারি শাহিদা খানম শিল্পী। তিলাওয়াতের অর্থ উপস্থাপন করেন মেডিকেল ওয়ার্ডের টিম মেম্বার চিকিৎসক তানজিনা রশিদ।


উদ্বোধনী বক্তব্য দেন সিলেট মহানগর মহিলা বিভাগের সেক্রেটারি ফৌজিয়া রহমান শিউলি। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট চিকিৎসক তাহারাত ফাতেমা চৌধুরী। জুলাইযোদ্ধা ও চিকিৎসাশিক্ষার্থী তানিয়া আক্তার প্রিয়া আন্দোলনের সময়কার নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।


মায়েদের পক্ষ থেকে মুহতারাম মুসাম্মাৎ শামসুন্নাহার জুলাইয়ের স্মৃতি এবং তাঁর সন্তান মাহমুদ হাসানের চোখ হারানোর বেদনার কথা তুলে ধরেন। 


সদর থানার জুলাই শহীদ মোস্তাক আহমদের মা মায়া বেগম সন্তান হারানোর হৃদয়বিদারক স্মৃতি তুলে ধরেন। রওশন জাহান ছাত্রিসংস্থার সাবেক সদস্য হিসেবে কারাবরণের অভিজ্ঞতা ও সে সময়ের কষ্টের স্মৃতিচারণ করেন।


অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, জুলাইবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, দলীয় গান ও অভিনয় পরিবেশন করা হয়। পাশাপাশি জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।


জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত ক্রোড়পত্র উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


এ ছাড়া আগে আয়োজিত আন্তঃথানা দেয়ালিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শ্রমিক কল্যাণ থানা, দ্বিতীয় হয় মেডিকেল ওয়ার্ড এবং তৃতীয় স্থান অধিকার করে বিমানবন্দর থানা।


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

গণঅভ্যুত্থান, অধ্যাপিকা মাহফুজা হান্নান, জামায়াতে ইসলামী, মৌলিক অধিকার, আইনের শাসন, সিলেট মহানগর মহিলা বিভাগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ