০৫ আগস্ট ২০২৬

সংগ্রাম-স্বাধীনতা / জুলাই গণঅভ্যুত্থান

বানিয়াচংয়ে গণভোট-জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৬ ১০:২১ অপরাহ্ন


জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, গণভোটের আয়োজন এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জের বানিয়াচংয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার বড়বাজার এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘জুলাই চেতনায় নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার’।


বিকেলে উপজেলা ভূমি অফিস মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে বড়বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খন্দকার মহল্লা সড়ক হয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


সমাবেশে উপজেলা জামায়াতের আমির খন্দকার তালেব উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোফাজ্জল হোসাইন খানের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও বানিয়াচং উপজেলা সাবেক আমির মাওলানা তাসলিম আলম মাহদী, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলা শিবির সভাপতি আব্দুল্লাহ তালুকদার, জুলাই যোদ্ধা মো. রায়হান উদ্দীন এবং মো. আবু সাহেদ।


বক্তারা জানান, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে তরুণ-যুবকেরা জীবন দিয়ে স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথ তৈরি করেছেন। তাঁদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য জুলাই সনদের বাস্তবায়ন, গণতান্ত্রিক অধিকার নিশ্চিতকরণ এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্য সুদৃঢ় করারও আহ্বান জানান বক্তারা।


সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শেখ মুশতাক আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি সৈয়দ আনহার নবী, সহসভাপতি শফিকুর রহমান ঠাকুর, ১নং ইউনিয়ন জামায়াত সভাপতি হাফিজ মাওলানা জাহেদুর রহমান, ২নং ইউনিয়ন সভাপতি ক্বারী আব্দুল মুহিত, ৩নং ইউনিয়ন সভাপতি মাওলানা নসিবুর রহমান, ৪নং ইউনিয়ন সভাপতি মো. ফয়জুল হক, ১নং ইউপি জামায়াত সেক্রেটারি শাহ মো. আলাউদ্দীন, ২নং ইউপি সেক্রেটারি আবুল কাশেম মাসুক লস্কর, ৩নং ইউপি সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, ৪নং ইউপি সেক্রেটারি মুস্তাক আহমদ খান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা কামরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের রুহের মাগফেরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

গণভোট, জুলাই সনদ, গণমিছিল, বানিয়াচং, হবিগঞ্জ জামায়াত, রাজনৈতিক সমাবেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ