দেড় শতকের ঐতিহ্য ধরে রেখেছেন হাজারো কারিগর
হাওরে জীবনের ভরসা গড়ে ওঠে সুনামগঞ্জের মাইজবাড়িতে
ইতিহাস-ঐতিহ্য
প্রকাশঃ ১৯ জুন, ২০২৬ ২:৩৪ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার সংরক্ষিত পুরাকীর্তি জৈন্তাশ্বর রাজবাড়িতে মাসব্যাপী 'শিল্প ও পণ্য মেলা-২০২৬' বন্ধে জরুরি পদক্ষেপ নিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় থেকে জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
গেল বুধবার (১৭ জুন) পাঠানো ওই চিঠিতে (স্মারক নং: ৪৩.২৩.১৯০০.০০০.১৩৩.০১.০০০২.২২.৩৬৫) বলা হয়, জৈন্তাশ্বর রাজবাড়ি ১৯৮৪ সালের ২২ এপ্রিল বাংলাদেশ গেজেটের মাধ্যমে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়। সিলেট জেলা প্রশাসকের কার্যালয় 'আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা'কে রাজবাড়ির ইরাবতী মাঠে মাসব্যাপী মেলা আয়োজনের অনুমতি দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। মেলার মালামাল বহনকারী ট্রাক প্রবেশের সময় রাজবাড়ির প্রধান গেটের ক্ষতিসাধন হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
চিঠিতে সতর্ক করা হয়, Antiquities Act, 1968 (সংশোধিত ১৯৭৬)-এর ১২(৩)(গ) ও ১৯(১) ধারা অনুযায়ী সংরক্ষিত পুরাকীর্তির নিকটে যেকোনো নির্মাণকাজ, সৌন্দর্যহানি বা ক্ষতিসাধন আইনবিরোধী। একই সঙ্গে এটি সংবিধানের ২৩ ও ২৪ অনুচ্ছেদে বর্ণিত জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের চেতনারও পরিপন্থি।
অধিদপ্তর জানায়, রাজবাড়ি প্রাঙ্গণের ভূগর্ভে প্রাচীন স্থাপনার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ধ্বংসাবশেষ বিদ্যমান। এ অবস্থায় প্রত্নস্থলে মেলা বা বৃহৎ জনসমাগমমূলক কার্যক্রম পরিচালিত হলে প্রত্নসম্পদের প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতির আশঙ্কা রয়েছে এবং স্থানটির ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও নান্দনিক মূল্য ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২০২১-২২ অর্থবছরে রাজবাড়িতে অবস্থিত প্রাচীন মেগালিথিক সমাধিগুলোর রাসায়নিক সংরক্ষণ কাজ সম্পন্ন হয়। ২০২২-২৩ অর্থবছরে প্রাচীন সীমানাপ্রাচীর সংস্কার করা হয় এবং ২০২৫-২৬ অর্থবছরে পরিচালিত জরিপে জৈন্তাপুর অঞ্চলে নতুন প্রত্নস্থল শনাক্ত হয়েছে। ভবিষ্যতে এলাকাটিকে পর্যটনবান্ধব করে টিকিটিং ব্যবস্থা চালু ও স্থায়ী অফিস স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
এ ব্যাপারে শুক্রবার জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার সিলেট ভয়েসকে বলেন, এখন পর্যন্ত আমার কাছে এরকম কোন চিঠি আসেনি। চিঠি আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সিলেট, জৈন্তাপুর, শিল্প ও পণ্য মেলা, প্রত্নতত্ত্ব অধিদপ্তর