সুনামগঞ্জে অনুমোদনহীন স্লিপার বাসের ৪ পরিবহনকে জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৬ ১:০০ অপরাহ্ন
সুনামগঞ্জ সদর উপজেলায় অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট না থাকাসহ চেয়ার কোচকে অনুমোদনহীনভাবে স্লিপার কোচে রূপান্তরের অভিযোগে চারটি পরিবহনকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাতে সুনামগঞ্জ সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।
অভিযানে বেঙ্গল পরিবহন, সেন্টমার্টিন সৌহার্দ, শ্যামলী ও ইউরোকোচকে বিভিন্ন অনিয়মের জন্য জরিমানা করা হয়। এর মধ্যে গাড়ির ফিটনেস না থাকা, ট্যাক্স টোকেন ও রুট পারমিট না থাকা এবং অনুমোদন ছাড়াই চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তরের অভিযোগ রয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় চারটি পরিবহনকে মোট ২ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সুনামগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা এবং র্যাব সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অনুমোদনহীন স্লিপার কোচসহ পরিবহনের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সুনামগঞ্জে স্লিপার বাস, সুনামগঞ্জ ভ্রাম্যমাণ আদালত, বেঙ্গল পরিবহন, সড়ক পরিবহন আইন, সুনামগঞ্জের খবর