অবৈধভাবে বিদেশে কর্মী পাঠানো দালালদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি কয়ছরের
অভিবাসন
প্রকাশঃ ২২ আগস্ট, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন
বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৫ বছরে ১ কোটি কর্মী বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় শান্তিগঞ্জ উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ভূমধ্যসাগরে গ্রীস যাওয়ার পথে নিখোঁজ ও মিশরে কারাবন্দি অভিবাসনপ্রত্যাশীদের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এরা আমাদের ভাই। একজন মানুষেরও জীবন বিপন্ন হোক সেটা আমরা চাই না। যারা নিখোঁজ হয়েছেন তাদের খোঁজে বের করা ও এবং মিশরে চিকিৎসাধীন ও কারাবন্দিদের সুস্থ্যভাবে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এ বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াকিবহাল আছেন। তিনি প্রবাসী কল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। প্রবাসীকল্যান মন্ত্রী আগামী ২৫ আগষ্ট শান্তিগঞ্জে আসবেন।
দালালদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা কিছুদিন পরপরই দালালের মাধ্যমে বিদেশ যেতে চাইলে এসব দুর্ঘটনা ঘটে। অনেক লোক মারা যায়। আমাদের কোনো ভাই, আত্মীয়-স্বজন যাতে দালালের মাধ্যমে বিদেশ না যায়। যেসব দালাল অবৈধভাবে এই পথে মানুষকে বিদেশ পাঠায় তাদেরকে চিহ্নিত করতে হবে। আমি আজকে প্রশাসনকে নির্দেশনা দেবো তারা দালালদের বিরুদ্ধে মামলা নেবে। জগন্নাথপুরেও মামলা নিয়েছে। কোন দালালরা জড়িত তাদের চিহ্নিত করতে হবে। আপনাদের জানা থাকলে প্রশাসনের ইউএনও এবং ওসি সাহেবকে বলবেন। এদের বিরুদ্ধে সরকার দায়িত্ব নিয়ে রাষ্ট্রীয়ভাবে এ্যাকশন নেবে।
তিনি আরো বলেন, 'শান্তিগঞ্জকে সুন্দর করতে হলে মাদক ও অনলাইন জুয়া নির্মূল করতে হবে। সেজন্য পুলিশ প্রশাসনকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। পুলিশ যদি মাদক নির্মূলে ব্যর্থ হয় যারা পারবে তাদেরকে নিয়ে আসবো।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর ও আবুল কাশেম নাঈমের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, নুর আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়াসহ আরো অনেকে।
অবৈধ অভিবাসন, মানব পাচার, দালাল, সংসদ সদস্য, সুনামগঞ্জ