৩১ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

রামিসা হত্যাকাণ্ডে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে আদালতে: আইনমন্ত্রী

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৩১ মে, ২০২৬ ২:৪৮ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলার আসামির বিরুদ্ধে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মামলায় সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে সরকারের প্রত্যাশা, অভিযুক্ত ব্যক্তি কঠোরতম শাস্তি পাবেন।


রোববার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ফুটবল বিতরণ ও আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ পর্যন্ত যে তথ্য-উপাত্ত পাওয়া গেছে, তাতে আদালত আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন বলে সরকার আশাবাদী।


সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে গঠিত কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে পাঁচজন সদস্য মনোনয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সরকার।


মাদককে সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, মাদকের বিস্তার রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ সমস্যা মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়, সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।


সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের প্রায় চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার উদ্যোগ রয়েছে। একই সঙ্গে কৃষকদের জন্য চালু হওয়া কৃষক কার্ড কর্মসূচিও সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।


এছাড়া ধর্মীয় নেতাদের কল্যাণে মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের জন্য সরকারি ভাতার বিষয়েও সরকার চিন্তাভাবনা করছে বলে জানান তিনি।


অনুষ্ঠানে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

রামিসা হত্যা মামলা, আইনমন্ত্রী আসাদুজ্জামান, সর্বোচ্চ শাস্তি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ