ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে অন্য বাসের ধাক্কা, নিহত ২
দৈনন্দিন
প্রকাশঃ ৩১ মে, ২০২৬ ৩:৫১ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে পেছন থেকে আরেকটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার তাজপুর বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ‘যাতায়াত’ পরিবহনের বাসচালক সোহেল (৩০) এবং তার সহকারী (হেলপার) ইমন (২০)। সোহেল নরসিংদী জেলার সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরের দিকে সিলেটমুখী অবস্থায় ‘যাতায়াত’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬০২) সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক দিয়ে আসা ঢাকাগামী ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-০২৪১) নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
পুলিশ আরও জানায়, ধাক্কার পর দুই বাসই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই ‘যাতায়াত’ বাসের চালক সোহেল নিহত হন। গুরুতর আহত অবস্থায় হেলপার ইমনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ওসমানীনগর, দুর্ঘটনা, সিলেট সড়ক দুর্ঘটনা, বাস দুর্ঘটনা সিলেট, সেন্টমার্টিন সৌহার্দ্য বাস, হাইওয়ে পুলিশ, সড়ক দুর্ঘটনায়