শ্রীমঙ্গলে প্রত্যাশার চেয়ে কম পর্যটক, স্থানীয় দর্শনার্থী বেশি
যাপিতজীবন
প্রকাশঃ ৩১ মে, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন
ঈদুল আজহার দীর্ঘ ছুটি উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণপিপাসু মানুষ ছুটে আসছেন চায়ের রাজধানী ও প্রকৃতির লীলাভূমি খ্যাত শ্রীমঙ্গলে। সবুজ চা-বাগান, পাহাড়, বনাঞ্চল ও মনোরম পরিবেশে পরিবার-পরিজন নিয়ে সময় কাটাচ্ছেন পর্যটকেরা।
তবে অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটকের উপস্থিতি প্রত্যাশার চেয়ে কম। স্থানীয় দর্শনার্থীদের উপস্থিতিই বেশি চোখে পড়ছে।
পর্যটনসংশ্লিষ্টরা বলছেন, হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ, সড়কপথে দীর্ঘ যানজট, ট্রেনের টিকিট সংকট এবং আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে প্রত্যাশিত সংখ্যক পর্যটক শ্রীমুখী হননি। ফলে দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণকারীদের উপস্থিতি থাকলেও আগের বছরের মতো উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে না।
ঈদের ছুটিতে পরিবার নিয়ে শ্রীমঙ্গল ঘুরতে আসা পর্যটক সুমন মিয়া বলেন, `ঈদের দিন কোরবানির আনুষ্ঠানিকতা শেষ করেই শ্রীমঙ্গলে চলে এসেছি। পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছি। চারদিকে সবুজের সমারোহ ও প্রাকৃতিক সৌন্দর্য মনকে প্রশান্ত করে। ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে শ্রীমঙ্গল সত্যিই অসাধারণ একটি জায়গা।’
বরিশাল থেকে আসা পর্যটক সাইফুল ইসলাম বলেন, ‘ঈদের আগের দিনই পরিবার নিয়ে শ্রীমঙ্গলে এসেছি। এখানে তিন দিন থাকার পরিকল্পনা রয়েছে। চা-বাগান, লেক ও বনাঞ্চল ঘুরে দেখছি। আবহাওয়া কিছুটা গরম হলেও শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে।’
রাধানগর ট্যুরিজম এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তাপস দাশ বলেন, ‘ঈদ উপলক্ষে রাধানগর এলাকার হোটেল, রিসোর্ট ও কটেজগুলোতে প্রায় ৭০ শতাংশ আগাম বুকিং সম্পন্ন হয়েছিল। তবে ঈদের প্রথম দিনে পর্যটকের উপস্থিতি কিছুটা কম ছিল। পরে ধীরে ধীরে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।’
পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন বলেন, ‘শ্রীমঙ্গলে বর্তমানে শতাধিক হোটেল, রিসোর্ট ও আবাসন সুবিধা রয়েছে। বড় ছুটিগুলোকে কেন্দ্র করেই পর্যটন ব্যবসায়ীরা সারা বছর অপেক্ষা করেন। কিন্তু এবার অন্যান্য বছরের তুলনায় পর্যটক কম। হামের প্রাদুর্ভাব, যানজট ও ট্রেনের টিকিট সংকট এর অন্যতম কারণ।’
এদিকে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পরিদর্শক প্রজিত কুমার দাশ বলেন, ‘ঈদের ছুটিকে কেন্দ্র করে শ্রীমঙ্গলের সব গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিয়মিত টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’
শ্রীমঙ্গল, পর্যটন, দর্শনার্থী