১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

তারাপুর চা বাগানের মন্দিরে আগুন, পুড়েছে গীতাসহ ধর্মীয় সামগ্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ২:২১ অপরাহ্ন


সিলেট নগরের তারাপুর চা বাগানের একটি মন্দিরে ভোরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরসংলগ্ন এক ব্যবসায়ী নিয়মিত সময় দোকান খুলতে এসে মন্দিরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে তিনি আশপাশের লোকজনকে ডাকলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে মন্দিরের ভেতরে থাকা গীতাসহ কয়েকটি ধর্মীয় গ্রন্থ ও দেবদেবীর ছবি পুড়ে যায়। ঘটনার পর খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন।

তারাপুর চা বাগানের বাসিন্দা রাজন রায় বলেন, “প্রায় তিন বছর ধরে আমরা এখানে পূজার কার্যক্রম পরিচালনা করে আসছি। হঠাৎ করে কে বা কারা আগুন দিল, কিছুই বুঝতে পারছি না। এতে আমাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।”

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু আলামত সংগ্রহ করে থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও মিডিয়া অফিসার সাইফুল ইসলাম বলেন, কে বা কারা আগুন দিয়েছে সেটা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে । 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, তারাপুর চা বাগান, আগুন, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ