২৮ মে ২০২৬

নির্বাচনযাত্রায় বিএনপি

সিলেটের জনসভা শেষে মৌলভীবাজার ও হবিগঞ্জে সমাবেশ করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জনসভা শেষে সড়কপথে রাজধানী ঢাকায় ফিরবেন। ফেরার পথে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় ধারাবাহিক নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জনসমাবেশ শেষে তিনি গাড়িবহর নিয়ে গুলশানস্থ নিজ বাসভবনের উদ্দেশে যাত্রা করবেন। দুপুর ১টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। এরপর দুপুর আড়াইটায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

পরবর্তী সময়ে বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ফুটবল মাঠে, বিকাল ৫টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্ক সংলগ্ন মাঠে, রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার/রূপগঞ্জ গাউসিয়া এলাকায় নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। রাত ১০টার দিকে তিনি গুলশানস্থ নিজ বাসভবনে প্রত্যাবর্তন করবেন।

বৃহস্পতিবার পূণ্যভূমি সিলেট থেকে জনসভা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাত ১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুরে তাঁর শ্বশুরবাড়িতে যান।

বিরামপুরে এক আবেগঘন পরিবেশে আয়োজিত নির্বাচনী গণসংযোগ ও সংক্ষিপ্ত বক্তব্যে তিনি হাজারো মানুষের উপস্থিতিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এদিকে তারেক রহমানের সিলেটের জনসভাকে কেন্দ্র করে বুধবার রাত থেকে আশপাশের সকল জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলে জড়ো হয়েছেন। নির্বাচনী প্রচারণাকে ঘিরে ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীও তাদের নিরাপত্তা বলয় জোরদার করেছে।


শেয়ার করুনঃ

নির্বাচনযাত্রায় বিএনপি থেকে আরো পড়ুন

সিলেট, জনসভা, তারেক রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ