সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৫৪
যাপিতজীবন
প্রকাশঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৮ অপরাহ্ন
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৪ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৯ জন সন্দেহভাজন রোগী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৩১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। এই হিসাবের মধ্যে হবিগঞ্জের দুজন রুবেলা রোগীও রয়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে ৬১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১১ জন নতুন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৩৯৯ জনের মধ্যে ১৬৪ জন রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ১২৫ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগে দুই শিশুর মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। একজন সিলেটের এবং অন্যজন হবিগঞ্জের বাসিন্দা। তাদের বয়স যথাক্রমে ৪ মাস ২০ দিন এবং ১ বছর ২ মাস।
এ নিয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে সিলেট বিভাগে মোট ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৫৭ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৮ জন মারা গেছেন।
অন্যদিকে, নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত মারা গেছেন ১০ জন। তাদের মধ্যে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জন। সন্দেহভাজন ও নিশ্চিত হাম এই দুই হিসাব মিলিয়ে বিভাগে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪ জনে।
সিলেটে হাম, হাম পরিস্থিতি, হাম রোগী, হাম মৃত্যু, সিলেট বিভাগ, সন্দেহভাজন হাম, নিশ্চিত হাম, হাম ও রুবেলা