তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৬ আগস্ট, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন (৫০) এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠেছে সাইদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের পশ্চিম বড়গোপ টিলা গ্রামের বড়গোপ টিলা (বারেকটিলা) এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়ি থেকে সাইদুলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তিনি পশ্চিম বড়গোপ টিলা গ্রামের আব্দুর রশীদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে সাইদুল ওই নারীকে বড়গোপ টিলা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে পড়লে তারা ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। এ সময় সাইদুল ওই নারীকে সেখানে রেখে পালিয়ে যান বলে স্থানীয় ব্যক্তিরা জানান।
পরে স্থানীয় লোকজন ওই নারীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ফিরে যান। এ ঘটনার বিষয়ে স্থানীয় সমাজকর্মী ও ব্যবসায়ী মাহিবুর রহমান একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়। পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সাইদুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ‘ঘটনা জানান পরেই অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনার বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
তাহিরপুরে ধর্ষণচেষ্টা, বিশেষ চাহিদাসম্পন্ন নারী, সাইদুল ইসলাম, পুলিশে আটক, সুনামগঞ্জ, বড়দল উত্তর ইউনিয়ন, বারেকটিলা, আইনগত ব্যবস্থা