হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর ভাঙা বাঁধ আগামী ১৫ দিনের মধ্যে সংস্কারের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ। একই সঙ্গে বাঁধ সংস্কারকাজের মান ও অগ্রগতি নিয়মিত তদারকির জন্য জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে খোয়াই নদীর ভাঙা বাঁধ পরিদর্শন শেষে হুইপ জি কে গউছ এ নির্দেশ দেন।
পরিদর্শনকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার (২৩ আগস্ট) সকালে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্রবল বেগে পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করে। এতে আশপাশের কয়েকটি গ্রামের রাস্তাঘাট ও ফসলের জমি তলিয়ে যায়। পরদিন সোমবারের মধ্যে বাঁধ ভেঙে কালীগঞ্জসহ আশপাশের অন্তত ২২টি গ্রামের প্রায় ৪ হাজার ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি দ্রুত বাড়তে থাকায় শনিবার রাত থেকেই পরিস্থিতির অবনতি হতে শুরু করে। রোববার সকালে পানির চাপ বাড়তে বাড়তে মেরামতাধীন বাঁধের অংশটি দুর্বল হয়ে পড়ে। পরে বাঁধের ওই অংশ ভেঙে নদীর পানি গ্রামগুলোর দিকে ঢুকে পড়ে।