২৬ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / মামলা

সালমান শাহ হত্যা মামলা: ডনের রিমান্ড শুনানি বৃহস্পতিবার

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৬ আগস্ট, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন


চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) করা আবেদনের ওপর আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) শুনানির দিন ধার্য করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে শুনানির জন্য এ দিন ধার্য করা হয়। 


এর আগে গত ২০ আগস্ট ডনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে সিআইডি। রাজধানীর রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম গণমাধ্যমকে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান এ আবেদন করেন। 


পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিন ধার্য করা হয়।


এর আগে গত ৯ আগস্ট ভোরে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। ওই দিনই তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলাটি করেন। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।


মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।


১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর রমনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছিল। পরে গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা করেন।


মামলার এজাহারে সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে নিথর অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এজাহারে আরও উল্লেখ করা হয়, সালমান শাহের বাবা কমর উদ্দীন আহমদ চৌধুরী তাঁর মৃত্যুর আগে ছেলের মৃত্যুকে হত্যা বলে সন্দেহ করে ১৯৯৭ সালের ২৪ জুলাই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছিলেন। ওই আবেদনে অপমৃত্যুর মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা হিসেবে গ্রহণ করে সিআইডির মাধ্যমে তদন্তের অনুরোধ করা হয়েছিল।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সালমান শাহ, হত্যা মামলা, আশরাফুল হক ডন, রিমান্ড, সিআইডি, রমনা থানা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ