২৬ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে ৯৫ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪০৩

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৬ আগস্ট, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

নেপালে আকস্মিক ভূমিধস ও বন্যায় এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন।


নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৬১ জন নেপালি ও ৩৪১ জন বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ। ধারণা করা হচ্ছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২৬টি দেশের নাগরিক রয়েছেন।


ট্যুর অপারেটরদের বরাত দিয়ে নেপাল পর্যটন বোর্ড জানায়, নিখোঁজ ব্যক্তিদের বেশির ভাগই ভারত ও নেপালের সীমান্তবর্তী মানস সরোবরের উদ্দেশে যাচ্ছিলেন।


স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পুলিশ রসুয়ার ভোতকোশি নদী এলাকা থেকে ১১৪ জনকে উদ্ধার করেছে। নেপাল টিভি ও রেডিও নেপালের প্রতিবেদনে বলা হয়, দেশটির সেনাবাহিনী ৮০ জনের বেশি মানুষকে উদ্ধার করেছে। তাঁদের মধ্যে ২৯ জনকে বেসরকারি হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।


প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, প্রাণঘাতী আকস্মিক বন্যার ঘটনায় তাঁর হৃদয় ভারাক্রান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে পুরো জাতি স্তম্ভিত ও গভীরভাবে মর্মাহত। তিনি এই দুর্যোগকে ‘আকস্মিক’ ও ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন।


নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।


তিনি বলেন, উদ্ধার অভিযান শুরু করতে সরকার কোনো ধরনের বিলম্ব না করে তাৎক্ষণিক সব ধরনের সম্পদ ও সক্ষমতা কাজে লাগিয়েছে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

নেপাল, বন্যা, ভূমিধস, প্রাণহানি, উদ্ধার অভিযান, দুর্যোগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ