২১ জুলাই ২০২৬

যাপিতজীবন / ভ্রমণ

হামহাম জলপ্রপাতে আটকা ১০ পর্যটককে উদ্ধার করলো পুলিশ-ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ জুলাই, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হামহাম জলপ্রপাতে ভ্রমণে গিয়ে আটকা পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে প্রশাসন। সোমবার (২০ জুলাই) সকালে বৃষ্টির সময় উচু স্থানে ওঠে গিয়ে আটকা পড়েন তারা। পরে বিকেল পৌনে ৫টার দিকে আটকা পড়া পর্যটকদের উদ্ধার করা হয়। 

 

যৌথ উদ্ধার অভিযানে অংশ নেয় কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা। এসময় আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

 

পুলিশ জানায়, সোমবার সকালে ঢাকা থেকে আসা শিক্ষার্থীদের একটি দল রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলসংলগ্ন হামহাম জলপ্রপাত এলাকায় ঘুরতে যায়। জলপ্রপাতের পথে দুর্গম পাহাড়ি এলাকার উচু স্থানে উঠেন। এসময় তাদের একজন পা পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পান। ঘটনার সময় বৃষ্টি থাকায় ও আহত সহযাত্রীকে নিয়ে ঝুঁকিপূর্ণ পথ অতিক্রম করে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে সহায়তা চান।

 

খবর পেয়ে বিকেল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যায়। পরে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধারে ঘটনাস্থলে যান। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল পৌনে ৫টার দিকে আটকে পড়া ১০ শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে পা পিছলে আহত শিক্ষার্থীকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। 

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কমর উদ্দিন বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। দুর্গম পাহাড়ি পথ হওয়া সত্ত্বেও সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

 

শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, যৌথ অভিযানে ১০ পর্যটককে উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা নিজ নিজ গন্তব্যে রওনা দেন।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

হামহাম জলপ্রপাত, পর্যটক, আটকা, উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ