২৫ জুলাই ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ, আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শনে নেতারা
দৈনন্দিন
প্রকাশঃ ২০ জুলাই, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
সভাপতিত্ব করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার কেন্দ্রীয় সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আমজাদুল ইসলাম চাঁন বক্তব্য রাখবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে সমাবেশকে সামনে রেখে সোমবার (২০ জুলাই) সকালে সমাবেশস্থল পরিদর্শন করেছেন ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সর্বশেষ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সিলেট সরকারি আলিয়া মাঠের সমাবেশের মধ্য দিয়ে ধারাবাহিক সমাবেশের সমাপ্তি হবে। এই সমাবেশ থেকে জাতীয় নেতৃবৃন্দ পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করবেন। সিলেটের সমাবেশেও জনতার ঢল নামবে বলে আমাদের প্রত্যাশা। সমাবেশে বিভাগের চারটি জেলা ও সিলেট মহানগরের ১১ দলের নেতাকর্মীরা অংশ নেবেন।
মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপির সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সিলেট মহানগর সভাপতি কবির আহমদ, মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন প্রমুখ।
১১ দলীয় ঐক্য, সিলেট বিভাগীয় সমাবেশ, এহসানুল মাহবুব জুবায়ের, আলিয়া মাদ্রাসা মাঠ, জামায়াত