
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে গুলি করে হত্যার ৩৬ ঘণ্টা পর নিহত প্রদীপ পালের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চাতলাপুর সীমান্ত দিয়ে বিজিবির নিকট মরদেহ হস্তান্তর করা হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ' ভারতের কৈলাশহর থানা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশের উপস্থিতিতে দত্তগ্রাম সীমান্তে নিহত প্রদীপ পালের মরদেহ আজ ৩৬ ঘণ্টা পর বিজিবির নিকট হস্তান্তর করেছে বিএসএফের সদস্যরা। মরদেহটি কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।'
এদিকে নিহতের ময়নাতদন্ত ভারতে সম্পন্ন হওয়ায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত শনিবার (৩১ মে) রাতে দত্তগ্রাম সীমান্তে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের সৌরভ পালের ছেলে প্রদীপ পালকে (১৮) গুলি করে হত্যা করে বিএসএফ।
আরও পড়ুন- কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু
এদিকে প্রদীপকে হত্যার ঘটনায় বিজিবির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে বলে জানিয়েছেন ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।
তিনি বলেন, 'সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার ঘটনায় বিজিবির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। হত্যার ৩৬ ঘণ্টা পর সোমবার সকালে ওই যুবকের মরদেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বিএসএফের সদস্যরা।'
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সীমান্ত হত্যা, কুলাউড়া সীমান্তে যুবক হত্যা, মরদেহ হস্তান্তর, কুলাউড়া সীমান্ত, প্রদীপ হত্যা, বিজিবি, বিএসএফ


