সিলেটে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১২ মে, ২০২৬ ৮:০৮ অপরাহ্ন
সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আকাশে বিজলি চমকানোরও আশঙ্কা রয়েছে। তবে গত কয়েক দিনে সিলেটে উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
মঙ্গলবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ, যা সন্ধ্যায় সামান্য কমে দাঁড়ায় ৬৪ শতাংশে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ৩৬ ঘণ্টায় (১১ মে সকাল থেকে ১২ মে সন্ধ্যা পর্যন্ত) সিলেটে কোনো বৃষ্টিপাত হয়নি। তবে হঠাৎ ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কার কথা মাথায় রেখে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, বুধবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে।
সিলেট আবহাওয়া, ২৪ ঘণ্টার পূর্বাভাস, ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি, সিলেট বৃষ্টি