নগরীতে বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
অপরাধ-বিচার
প্রকাশঃ ১২ মে, ২০২৬ ৫:১৫ অপরাহ্ন
সিলেট নগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
র্যাব-৯ সূত্র জানায়, ভুক্তভোগী নারী সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি পেশাগতভাবে ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত। ধর্মীয় উদ্দেশ্যে তিনি সিলেটের শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের জন্য আসেন এবং পথে মানুষের সহায়তায় যাত্রা অব্যাহত রাখেন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গতকাল রাতের দিকে সিলেটের শাহপরান এলাকায় এক ব্যক্তি প্রথমে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কথা বলেন। পরে তাকে ভুল বুঝিয়ে লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই থাকা কয়েকজন ব্যক্তি এবং আরও কিছু সিএনজি চালক মিলে ভুক্তভোগীকে আটক করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর সকালে ভুক্তভোগী পাশের ভাড়াটিয়াদের কাছে বিষয়টি জানালে স্থানীয়রা র্যাবকে খবর দেন। পরে র্যাব-৯ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে। অভিযানে একটি সিএনজি ও একটি ধারালো অস্ত্র (ছুরি) জব্দ করা হয় বলে জানায় র্যাব-৯। তবে আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি র্যাব।
র্যাব-৯ এর সিপিএস কোম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে তাদের দেওয়া তথ্যও মিলেছে। পলাতক একজন সিএনজি চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়ের করা হবে এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অতীত অপরাধের তথ্য যাচাই করা হচ্ছে। পুরো চক্রটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
সিলেট, সংঘবদ্ধ ধর্ষণ, র্যাব-৯, বিয়ের প্রলোভন, আটক দুইজন