লাখাইয়ে দোকান বাকির টাকা নিয়ে সংঘর্ষে আহত ৫০
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩০ মার্চ, ২০২৬ ৯:২৭ অপরাহ্ন
হবিগঞ্জের লাখাই উপজেলায় দোকানের বাকির টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের জালাল মিয়ার দোকান থেকে রসম আলী কিছু মালামাল কিনেছিলেন। পরে দোকানদার পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটির বিষয়টি শুরু হয়। জালাল মিয়ার দাবি, রসম আলীর কাছে তার ১৮৫ টাকা বাকি আছে। অন্যদিকে রসম আলী বলেন, তার কাছে মাত্র ৩০ টাকা বাকি রয়েছে।
প্রাথমিক বাগবিতণ্ডা উভয় পক্ষের স্বজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় এবং সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানান, পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হবিগঞ্জ, লাখাই, সংঘর্ষ, পাওনা টাকা নিয়ে সংঘর্ষ