০৫ মে ২০২৬

দৈনন্দিন

আলী আমজদের ঘড়িঘর রক্ষায় তিন সংগঠনের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৫ ৫:২৬ অপরাহ্ন



সিলেটের ঐতিহ্যের প্রতীক দেড় শতাব্দী পুরোনো আলী আমজদের ঘড়িঘরের অখণ্ডতা রক্ষার দাবি জানিয়েছে তিনটি নাগরিক সংগঠন। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় ও সিলেট সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করা হয়।

ওইদিন বেলা ১টায় সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমের কাছে এবং দুপুর ২টায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের কাছে স্মারকলিপি দেন পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেট, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট এবং সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, আব্দুল করিম কিম, শামসুল বাসিত শেরো, প্রকৌশলী মাহবুবুর রহমান চৌধুরী ও রেজাউল কিবরিয়া প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, আলী আমজদের ঘড়িঘর শুধু একটি স্থাপনা নয়; এটি সিলেটের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক। ১৮৭৪ সালে পৃথিমপাশার জমিদার নবাব আলী আমজদ খান ঘড়িটি নির্মাণ করেন। শতবর্ষ-প্রাচীন এই স্থাপনা সিলেটকে আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিত করেছে।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ঘড়িঘরের সীমানার ভেতরেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে “জুলাই স্তম্ভ” নির্মাণ শুরু হয়েছে, যা ঐতিহাসিক স্থাপনার নান্দনিকতা ও অখণ্ডতা নষ্ট করছে। এতে বলা হয়, জুলাই আন্দোলন সিলেটের মুক্তিকামী মানুষের সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও আলী আমজদের ঘড়িঘরের গায়ে নতুন স্থাপনা চাপিয়ে দেওয়া সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার মূলনীতির পরিপন্থী।

সংগঠনগুলো স্মারকলিপিতে আইনগত দিকও তুলে ধরে। সেখানে তারা জানান, বাংলাদেশ প্রত্নতত্ত্ব আইন ১৯৬৮ (সংশোধিত ১৯৭৬ ও ২০১৬) অনুযায়ী প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক স্থাপনার সীমানার ভেতরে নতুন স্থাপনা নির্মাণ বা পরিবর্তন আনা সম্পূর্ণ নিষিদ্ধ, জাতীয় ঐতিহ্য সংরক্ষণ নীতি ২০০৯ অনুযায়ী ঐতিহাসিক স্থাপনার চারপাশের দৃশ্যমানতা, পরিবেশ ও সৌন্দর্য অক্ষুণ্ণ রাখা রাষ্ট্রীয় দায়িত্ব, ইউনেস্কোর হেরিটেজ নীতি অনুসারে শতবর্ষ প্রাচীন স্থাপনার ভৌগোলিক ও স্থাপত্যিক অখণ্ডতা বিনষ্ট করা যায় না।

সংগঠনগুলো নাগরিক সমাজ, পরিবেশবাদী ও ঐতিহ্যপ্রেমীদের পক্ষে ঘড়িঘরের পাশে নয়, বরং নিকটবর্তী অন্য কোনো উপযুক্ত স্থানে জুলাই আন্দোলনের স্মৃতিফলক নির্মাণের দাবি জানায়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, আলী আমজাদ, ঘড়ি, জুলাই স্তম্ভ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ