৩০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

একাদশে ভর্তি

সিলেটে ৮ দিনে আবেদন করেছে ৫৩ হাজার শিক্ষার্থী

মিফতা হাসান

প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ন


সিলেটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে অনলাইনে আবেদন করেছেন ৫৩ হাজারের বেশি শিক্ষার্থী। বুধবার (৬ আগস্ট) পর্যন্ত আটদিনে এসব শিক্ষার্থীরা বোর্ডের অধীনে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন কলেজে আবেদন করেন।

 

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত একাদশে ভর্তির জন্য ৫৩ হাজার ১৬২ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন। তাদের মধ্যে ২১ হাজার ৮৪২ জন ছাত্র ও ৩১ হাজার ৩২০জন ছাত্রী। 

 

প্রথম দফায় ভর্তির এই আবেদন চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। অর্থাৎ, শিক্ষার্থীরা আরও ৫ দিন প্রথম ধাপে আবেদন করার সুযোগ পাবেন। এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৩৪৮টি কলেজে ১ লাখ ৪২ হাজার ৭৫০টি আসন রয়েছে। 

 

এর আগে, গত ৩০ জুলাই অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়। গত বছরের মতো এবারও শিক্ষার্থীরা পছন্দের সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদনের সুযোগ পাচ্ছেন।

 

সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জম হুসেন সিলেট ভয়েসকে বলেন, গত ৩০ জুলাই আবেদন শুরু হয়েছে। সবচেয়ে বেশি আবেদন পড়েছে মানবিক বিভাগে। প্রথম দফায় আবেদন শেষ হবে ১১ আগস্ট। প্রথম দফার ফলাফল প্রকাশ হবে ২০ আগস্ট।

 

এদিকে, এবারের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য ও উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ১৭ হাজারের বেশি শিক্ষার্থী ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন বলে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে।

 

পুনঃনিরীক্ষণের ফলাফল আগামী ১০ আগস্ট  প্রকাশ করা হবে । ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীরাও ১১ আগস্টের মধ্যে প্রথম দফায় আবেদন করতে পারবেন।

 

সিলেট শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মো. তরিকুল ইসলাম সিলেট ভয়েসকে বলেন, বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত অনলাইনে আবেদন করেছেন ৫৩ হাজার ১৬২ জন শিক্ষার্থী। আরও ৫দিন আবেদনের সুযোগ রয়েছে। এ বছর অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোনো ভর্তি হবে না। 

 

তিনি আরও বলেন, অনলাইনে আবেদনের প্রক্রিয়াতে অনেক নতুনত্ব আনা হয়েছে। শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজগুলোর সকল তথ্য অনলাইনে দেখে-বুঝে আবেদন করতে পারছেন। 

 

শিক্ষাবোর্ডের সচিব তরিকুল ইসলাম আরও বলেন, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ৩৪ হাজার ৯২০ পত্রের পুন:নিরীক্ষণের জন্য ১৭ হাজার ৬৮১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। 

 

উল্লেখ্য, এবছর এসএসসিতে সিলেট বোর্ডে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০ হাজার ৯১ জন উত্তীর্ণ হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী। পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ।

 

এসএসসি উত্তীর্ণদের মধ্যে ২৮ হাজার ৬৮৪ জন ছাত্র ও ৪১ হাজার ৪০৭ জন ছাত্রী। ছেলেদের পাসের হার ৬৮ দশমিক ৬২ শতাংশ ও মেয়েদের ৬৮ দশমিক ৫৪ শতাংশ।

 

এবছর সিলেট শিক্ষাবোর্ড থেকে বিজ্ঞান বিভাগ থেকে ২৩ হাজার ৮০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১৮ হাজার ৪৪২ জন। যার মধ্যে ১০ হাজার ৫৪০ জন ছাত্রী এবং ৭ হাজার ৯০২ জন ছাত্র।

 

মানবিক বিভাগ থেকে এ বছর ৭০ হাজার ৯৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৪৫ হাজার ৯২৪ জন। এরমধ্যে ২৭ হাজার ৯৬১ জন ছাত্রী এবং ১৭ হাজার ৯৬৩ জন ছাত্র।

 

তাছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এ বছর ৭ হাজার ৪৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৫ হাজার ৭২৫ জন। এরমধ্যে ২ হাজার ৯০৬ জন ছাত্রী ও ২ হাজার ৮১৯ জন ছাত্র।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট বোর্ড, একাদশে ভর্তি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ