২০ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

নির্ধারিত সময়ের আগে ছুটি, বিশ্বম্ভরপুরে চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

প্রতিনিধি, বিশ্বম্ভরপুর

প্রকাশঃ ২০ আগস্ট, ২০২৬ ২:৪৪ অপরাহ্ন


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে বিদ্যালয় ত্যাগ করার অভিযোগে বিদ্যালয়টির চার সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। বুধবার (১৯ আগস্ট) রাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ জারি করা হয়।


নোটিশ পাওয়া শিক্ষকরা হলেন, বিদ্যালয়টির সহকারী শিক্ষক শ্যামলী দাশ, রহমতা আক্তার, রুমী তালুকদার ও অর্চনা দেবী।


চিঠিতে উল্লেখ করা হয়, গত বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্ধারিত সময়ের পূর্বেই ছুটি দেওয়া হয়। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ত্যাগ করা এবং কর্মস্থলে অনুপস্থিত থাকাকে চরম দায়িত্বহীনতা ও উদাসীনতার পরিচায়ক হিসেবে অভিহিত করা হয় নোটিশে।


অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার সন্তোষজনক লিখিত জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।


এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যালয় ছুটি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে চারজন সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, নোটিশে তা জানতে চাওয়া হয়েছে এবং তিন কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়, কারণ দর্শানোর নোটিশ, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, কর্মস্থলে অনুপস্থিতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ