১৯ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ

প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৬ ২:২২ অপরাহ্ন


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি) চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) পড়াশোনার জন্য প্রায় ৭৪ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) বৃত্তি পেয়েছেন। চার বছর মেয়াদি এ বৃত্তির আওতায় প্রতিবছর তিনি ১৫ হাজার মার্কিন ডলার করে পাবেন।


মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠি দিয়ে জান্নাতুলকে বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


জান্নাতুল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা আফজল আলী শায়েস্তাগঞ্জের পশ্চিম লেঞ্জাপাড়ার বাসিন্দা। তিনি ক্ষুদ্র ব্যবসা করেন। পরিবারের নানা প্রতিকূলতার মধ্যেও কলেজ কর্তৃপক্ষের সহায়তায় জান্নাতুল তার পড়াশোনা চালিয়ে যান।


২০২৫ সালে জহুর চান বিবি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন জান্নাতুল। এরপর গত ২০ জুলাই থেকে শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসের সামার স্কুল প্রোগ্রামে অংশ নেন। বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের এই সামার স্কুলে অংশ নেওয়া তার জন্য সহজ ছিল না। তবে নিজের আগ্রহ, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি সফলভাবে প্রোগ্রামটি শেষ করেন।


সামার স্কুল প্রোগ্রামটি সফলভাবে শেষ করার পর শেভরন বাংলাদেশের সহায়তায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার সুযোগ পান জান্নাতুল। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে চার বছরের জন্য ৬০ হাজার মার্কিন ডলারের বৃত্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।


বৃত্তি পাওয়ার অনুভূতি জানিয়ে জান্নাতুল বলেন, ‘এ রকম একটি বৃত্তির কথা শুনে প্রথমে বিশ্বাস হচ্ছিল না। বারবার চিঠি পড়ে বিশ্বাস তৈরি করছিলাম। এখন নিজেকে প্রস্তুত করা শুরু করেছি। আমাকে আরও এগোতে হবে। পাশাপাশি আমি চাই, আরও শিক্ষার্থীরা এ বৃত্তি অর্জন করুক।’


মেয়ের এমন অর্জনে খুশি বাবা আফজল আলী। মেয়েকে পড়াশোনা করানোর মতো তার সামর্থ্য নেই জানিয়ে তিনি বলেন, জান্নাতুল বৃত্তি পাওয়ায় তিনি চিন্তামুক্ত হয়েছেন। এখন তার মেয়ে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন, সামনে এগিয়ে যেতে পারবেন। মেয়ের এ অর্জনে তিনি গর্বিত।


জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, জান্নাতুলের এ অর্জন দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। সদিচ্ছা, প্রচেষ্টা ও প্রতিভার সমন্বয় থাকলে যেকোনো প্রতিবন্ধকতা অতিক্রম করে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো সম্ভব জান্নাতুল তার প্রমাণ।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

জান্নাতুল ফেরদৌস, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, বৃত্তি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ