সিলেটে হামের প্রকোপ ভয়ানক, টিকা ও চিকিৎসা সরঞ্জাম বাড়ানোর তাগিদ রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের
যাপিতজীবন
প্রকাশঃ ২৯ আগস্ট, ২০২৬ ৩:২২ অপরাহ্ন
সিলেটে হামের প্রকোপ দিন দিন বাড়ছে এবং পরিস্থিতি ভয়ানক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালাম। তিনি বলেছেন, সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছে ১৭ জন।
আজ সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, ভাইস চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান সেলিম, সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরীসহ কার্যনির্বাহী পর্ষদের সদস্যবৃন্দ, যুব প্রধান, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা।
এম এ সালাম বলেন, ‘এটা সত্যিই খুবই ভয়ানক পরিস্থিতি। এখানে যে বিষয়গুলো আমরা কর্তৃপক্ষের কাছ থেকে শুনেছি, ডাক্তাররা যথেষ্ট সেবা দেওয়ার চেষ্টা করছেন এবং সেবা দিয়ে যাচ্ছেন। যেহেতু একটি ছোঁয়াচে রোগ, সেখানে অনেক রিস্ক, অনেক চ্যালেঞ্জ, অনেক ঝুঁকি রয়েছে। তার মাঝ দিয়েও তারা কাজ করে যাচ্ছেন।’
হামের চিকিৎসায় প্রয়োজনীয় মেডিকেল সার্ভিস, সরঞ্জাম, টিকা ও ওষুধের পর্যাপ্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রেড ক্রিসেন্ট চেয়ারম্যান বলেন, রোগীদের কাছ থেকেও এসব বিষয়ে তিনি শুনেছেন। তার পরিদর্শনের অভিজ্ঞতায় প্রয়োজনীয় কিছু সরঞ্জাম, ওষুধ ও মাস্ক পর্যাপ্ত নয় বলে মনে হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় বিষয় হলো এই রোগের যেটুকু আমি বুঝি, এখানে আমাদের প্রিভেনশনটা একটু ইম্পর্ট্যান্ট। সরকার প্রিভেনশন নিয়েও কাজ করছে। আমাদের সেই দিক থেকেও যাতে কার্যকর ভূমিকা এবং পলিসি রয়েছে, সেটাকে আরও এক্সেলারেট করতে হবে। আরও স্ট্রেন্থেন করে আমাদের এগোতে হবে।’
এম এ সালাম বলেন, হামে আক্রান্তদের মধ্যে বেশির ভাগই শিশু। এসব শিশু দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি শিশু যাতে টিকা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রত্যেক গ্রাম, অঞ্চল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকাদান কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
সিলেটে হামের প্রকোপ অন্য জেলার তুলনায় বেশি এবং তা দিন দিন বাড়ছে বলেও মন্তব্য করেন রেড ক্রিসেন্ট চেয়ারম্যান। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে নেওয়ার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ঢাকায় ফিরে তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর নজরে নেওয়ার চেষ্টা করবেন। স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলবেন।
এ ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি সিলেটের কৃতী সন্তান ডা. জুবাইদা রহমানকেও বিষয়টি অবহিত করার চেষ্টা করবেন বলে জানান।
এম এ সালাম আরও বলেন, রেড ক্রিসেন্টের পক্ষ থেকেও এ পরিস্থিতিতে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। ঢাকায় ফিরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। পরিদর্শনের মাধ্যমে হামের প্রকোপ মোকাবিলায় সচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা নেওয়ার একটি বার্তা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সিলেটে হাম, সিলেট হাম, হামের প্রকোপ, হাম আক্রান্ত শিশু, সিলেটের হাম পরিস্থিতি, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, শামসুদ্দিন হাসপাতালে হাম, এম এ সালাম, রেড ক্রিসেন্ট চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট, হাম রোগ, হামের টিকা, শিশুদের হাম, সিলেট স্বাস্থ্য