কুলাউড়ায় সড়কের ওপর বালু রাখায় মোবাইল কোর্ট অভিযান, জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৫ জুন, ২০২৬ ৮:২১ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শমসেরনগর সংযোগ সড়কের কনিমুড়া এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাস্তার ওপর অবৈধভাবে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় দায়ী ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সড়কের ওপর রাখা অবৈধ বালু জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা গেছে, সওজের সড়কের ওপর বালু রাখার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছিলেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আইন অনুযায়ী জরিমানা করা হয়।
প্রশাসনের জানিয়েছে, জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিংবা সরকারি সড়ক দখল করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
কুলাউড়া, মোবাইল কোর্ট, বালুমহাল আইন, সওজ, বালু জব্দ