শাল্লায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, স্থান পেলেন মৃত ব্যক্তিরাও
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ১৮ মে, ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকায় মৃত ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও ধনাঢ্য পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
উপজেলার মুক্তারপুর গ্রামের বাসিন্দারা জানান, গত বছর মারা যাওয়া রনু রঞ্জন সরকারকে ক্ষতিগ্রস্ত কৃষক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। একইভাবে ছয় মাস আগে মারা যাওয়া সুধীন চন্দ্র দাসের নামও তালিকায় রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে প্রভাবশালী মহলের যোগসাজশে তালিকায় অনিয়ম করা হয়েছে।
ভান্ডাবিল হাওরের কৃষক অজয় দাশ বলেন, এমনও লোক আছে যাদের ১ কেদার (বিঘা) জমি পানিতে তলিয়ে যায়নি তাদের নামও তালিকায় রয়েছে। এই তালিকা কি করে হলো বুঝতে পারছি না। অভিযোগ উঠেছে, সরকারের তরফ থেকে সহায়তা পেলে ইউপি সদস্য মিহির চৌধুরীকে অর্ধেক টাকা দেওয়ার শর্তে এসব মৃত ব্যক্তি ও অকৃষকদের অর্ন্তভুক্তি করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ক্ষতিপূরণ পাওয়ার শর্তে ইউপি সদস্য মিহির চৌধুরীর নেতৃত্বে একটি সিন্ডিকেট অর্থ ভাগাভাগির উদ্দেশ্যে তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে। এমনকি ইউপি সদস্যের নিজের নাম এবং তার পরিবারের সদস্যদের নামও তালিকায় রয়েছে বলে জানা গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মিহির চৌধুরী বলেন, ‘আমার নাম অন্যরা দিয়েছে। আমার বাবা আমার কাছ থেকে পৃথক। তিনি ৩ মাস যাবত ঢাকায় আছেন, সেই সুবাদে আমার বাবার নাম লিস্টে দেওয়া হয়েছে।’
এক ব্যক্তির নাম দুই-তিনবারও এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু মৃত ব্যক্তির নাম তালিকায় থাকতে পারে। এগুলো সংশোধনের জন্য আমি পরিষদে বলেছি। যারা বাদ পড়েছে তাদেরকে নতুন করে ঢুকানোর জন্য আমি কিছু লোককে কৃষি কর্মকর্তার কাছে পাঠিয়েছি। তিনি বলেছেন এগুলো সংশোধন করে দেওয়া যাইবো।’
অন্যদিকে, উপজেলা সদরে চারতলা বাড়ির মালিক ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা জগন্নাথ রায় এবং সরকারি চাকরিজীবী পরিবারের একাধিক সদস্যকেও তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন, ‘আমি সুনামগঞ্জে চিকিৎসায় আছি, পরিষদের সচিব ফোন দিয়ে আমাকে এগুলো জানাইছে। এমনটা হলে বিষয়টি সাংঘাতিক খারাপ হয়েছে, এগুলো পরিবর্তন করা দরকার।’
এদিকে প্রকৃত ক্ষতিগ্রস্তরা তালিকা থেকে বাদ পড়লেও প্রভাবশালী ও অযোগ্য ব্যক্তিরা সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ স্থানীয় কৃষকদের।
উপজেলার মুক্তারপুর গ্রামের বাসিন্দা ছায়ার হাওরের কৃষক শিবেন্দ্র দাস বলেন, ৮ কেদার জমি করছিলাম। ৩ কেদার কাটছি, বাকি ৫ কেদারই পানির নিচে গেছে। কিন্তু ক্ষতিগ্রস্থ তালিকায় তার নাম নেই বলে জানান তিনি।
অন্যদিকে একইভাবে উপজেলার ১নং আটগাঁও ইউনিয়ন পরিষদ, ২নং হবিবপুর ইউনিয়ন পরিষদ, ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদেও ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
৪নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আব্দুস সাত্তার বলেন, আমার একটা ওয়ার্ডে সমস্যা রয়েছে। এছাড়া অন্য কোন ওয়ার্ডে সমস্যা নেই।
এ বিষয়ে জানতে ১ ও ২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস ও আব্দুল্লাহ আন্ নোমানের বক্তব্য পাওয়া যায়নি।
শাল্লা উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন বলেন, শাল্লা উপজেলায় অনেক মৃত ও ধনাঢ্য ব্যক্তির নাম তালিকায় রয়েছে। প্রকৃত কৃষক অনেকে বাদ পড়েছেন। দ্রুত তালিকা সংশোধনের দাবি জানান তিনি।
তালিকা প্রনয়ণ কমিটিতে থাকা শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার বলেন, তালিকা নিয়ে অনেক অভিযোগ আছে, প্রতিদিনই অনেক মানুষ এসে এবিষয়ে নালিশ দিচ্ছে। তাই বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে আলোচনা করতেছি।
শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায় বলেন, বন্যা, অগ্নিকান্ড, দুর্যোগ হলে ক্ষতিগ্রস্তদের নিয়ে কাজ করে পিআইও অফিস। অতএব এ বিষয় আমার বক্তব্য না দেয়াটাই ভাল হবে।
শাল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ:দা) আবু সাঈদ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারেরা তালিকা করে আমাদেরকে দিয়েছে। এখন কোন ধরনের অনিয়ম হয়ে থাকলে সেটা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলার জন্য জানান তিনি।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, উপজেলায় মৃত ব্যক্তি কিংবা ক্ষতিগ্রস্ত হননি এমন ব্যক্তির নাম তালিকায় পাওয়া গেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেও য়া হবে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, ‘তালিকা যেহেতু উপজেলা ও ইউনিয়ন কমিটি করেছে সেক্ষেত্রে ব্যাখ্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিতে পারবে।’ তবে তালিকায় অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
শাল্লা, ক্ষতিগ্রস্ত কৃষক তালিকা, অনিয়ম, বাহাড়া ইউনিয়ন, সুনামগঞ্জ কৃষি