১৮ মে ২০২৬

নির্বাচন / স্থানীয় সরকার

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৮ মে, ২০২৬ ৭:১৩ অপরাহ্ন


স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি। তবে নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।


সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


সিইসি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত থাকায় কমিশন আচরণবিধি ও পরিচালনাবিধি সংশোধনের কাজ করছে। তিনি বলেন, নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু এবার দলীয় প্রতীক থাকবে না, তাই বিধিমালা পরিবর্তনের কাজ চলছে। সরকারও প্রস্তুতির কথা জানিয়েছে। স্থানীয় নির্বাচন করতে সময় লাগে।


তবে বিভিন্ন রাজনৈতিক দল আগেই প্রার্থিতা ঘোষণা করছে—এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিইসি বলেন, দলীয় প্রতীক না থাকলেও আগেই মনোনয়ন ঘোষণা করা হচ্ছে, এটা আমার জন্য চিন্তার বিষয়। তার মতে, দলীয় প্রভাবমুক্ত নির্বাচন হলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমে আসতে পারে।


সিইসি আরও বলেন, রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন কার্যত সম্ভব নয়। তিনি দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়ে বলেন, বসে একটা ফয়সালার মধ্যে আসেন। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দেখতে চায় নির্বাচন কমিশন। অতীতে নির্বাচনী সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি রাজনৈতিক বোঝাপড়ার ওপর গুরুত্বারোপ করেন।


নির্বাচন কমিশনের লক্ষ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজন—এ কথা উল্লেখ করে সিইসি বলেন, আমরা কোনো নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছি না। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।


নির্বাচন পরিচালনায় সরকারের সহযোগিতার প্রসঙ্গও তুলে ধরে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সরকারের অধীনেই কাজ করে। অতীতের মতো এবারও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ হয়নি বলে তিনি জানান।


একটি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে সিইসি বলেন, তাদের কাজের ধরন আলাদা। তারা নিজস্বভাবে কাজ করে। কোথায় যায় বা কী করে, সব বিষয়ে কমিশনকে জানিয়ে চলে না। এ নিয়ে কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।


এছাড়া ভোটার তালিকায় ছবি তোলার বিষয় নিয়েও কথা বলেন সিইসি। কিছু নারী ভোটারের বোরকা পরা অবস্থায় ছবি তোলার অনাগ্রহের প্রসঙ্গ তুলে তিনি জানান, বিকল্প ব্যবস্থা হিসেবে নারী কর্মীদের মাধ্যমে ছবি তোলার প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি। বিষয়টি ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতার সঙ্গে যুক্ত উল্লেখ করে তিনি সাংবাদিকদের এ নিয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানান।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ