মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ১৮ মে, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ন
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৮ মে) দুপুরে মৌলভীবাজার জেলা শহরের চৌমুহনা এলাকায় র্যাব-৯, সিপিসি-২ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
র্যাব-৯ সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে ‘মামার বাড়ি রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা এবং ‘রাজমহল কনফেকশনারি’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মো. আল আমিন এবং ক্যাবের জেলা সভাপতি প্রফেসর সৈয়দ মুহাম্মদ মহসিনসহ সংশ্লিষ্টরা।
মৌলভীবাজার, র্যাব-৯, ভোক্তা অধিকার, জরিমানা, অস্বাস্থ্যকর খাবার