লোভাছড়া পাথর কোয়ারি পরিদর্শনে বিশেষজ্ঞ দল
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৮ মে, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারির বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের লক্ষ্যে কোয়ারিগুলো পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল।
সোমবার (১৮ মে) দুপুর ১২টায় সরেজমিনে কোয়ারির বিভিন্ন এলাকা নৌকাযোগে ও স্থলপথে ঘুরে দেখেন কমিটির সদস্যরা।
পরিদর্শনে নেতৃত্ব দেন বিশেষজ্ঞ কমিটির আহ্বায়ক এবং সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহাম্মদ রবিউল ফয়সাল।
এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহদী হাসান শাকিল, কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকা সিলেটের পাথর কোয়ারিগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করে পুনরায় ইজারা প্রদানের সম্ভাবনা যাচাইয়ে সরকার এই বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। এরই অংশ হিসেবে লোভাছড়া পাথর কোয়ারির নদীর পলিজমা, ভাঙন পরিস্থিতি এবং সার্বিক পরিবেশগত ঝুঁকি নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। সংগৃহীত তথ্যের ভিত্তিতে আগামী ১৫ দিনের মধ্যে কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
এদিকে পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও শ্রমিকরা লোভাছড়া পাথর কোয়ারি পুনরায় চালুর দাবি জানান। তারা জানান, সিলেটের পূর্বাঞ্চলের মানুষের প্রধান জীবিকার উৎস এই কোয়ারি বন্ধ থাকায় লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
তারা আরও জানান, পরিবেশ রক্ষা করে পাথর উত্তোলনের সুযোগ দিলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
এ বিষয়ে কমিটির আহ্বায়ক বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান জানান, সরকার পরিবেশ ও কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সরেজমিন তথ্য বিশ্লেষণ করে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।
লোভাছড়া পাথর কোয়ারি, কানাইঘাট, সিলেট পাথর কোয়ারি, বিশেষজ্ঞ কমিটি, পাথর উত্তোলন