জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় গ্রেপ্তার আরও এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৮ মে, ২০২৬ ৭:০৮ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, রোববার হানিফ নামের একজনকে আটক করা হয়েছিল। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, রোববার দুপুরে উপজেলার নিজপাট ইউনিয়নের উজানীনগর গ্রামের আব্দুল করিমের বাড়িতে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরা ১৩ জনসহ মোট ১৪ জনকে আটক করে পুলিশ। এ সময় স্থানীয় দালাল মো. হানিফ মিয়া (৩৫)কেও আটক করা হয়। তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ রয়েছে।
এ ঘটনায় রোববার রাতে জাফলং এলাকার এক নারী বাদী হয়ে জৈন্তাপুর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করা হয়।
জানা গেছে, মামলার বাদী ওই নারীর নাম এশা আক্তার (২৫)। তিনি মেহেদী হাসানের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, মামলার পর অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জৈন্তাপুর সীমান্ত, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ, গ্রেপ্তার