২০ এপ্রিল ২০২৬

অনিয়ম-দুর্নীতি

২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ২০ এপ্রিল, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উত্তর বক্তারপুর-নয়াগাঁও এলাকায় লক্ষ্মীপুর ও বোগলাবাজার ইউনিয়নের সংযোগস্থলে নির্মিত একটি সেতু দীর্ঘ ২০ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। দ্রুত মেরামত এবং দুই পাশে সংযোগ সড়কে (অ্যাপ্রোচ) মাটি ভরাট করে সেতুটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ সেতুটির মূল পাকা নির্মাণকাজ সম্পন্ন করলেও দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ কিংবা মাটি ভরাট করা হয়নি। ফলে সেতুটি কার্যত ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। দীর্ঘ দুই দশক পেরিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।

এলাকাবাসী জানান, আগে এখানে একটি চলাচলযোগ্য সড়ক ছিল। তবে ঢলের পানির প্রবাহে সেটি ভেঙে গেলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। পরে স্থানীয়দের দাবির মুখে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় মানুষের ভোগান্তি কমেনি। বর্তমানে সেতুটি দাঁড়িয়ে থাকলেও তা কোনো কাজে আসছে না।

স্থানীয়দের মতে, সেতুটি চালু হলে বক্তারপুর, উত্তর বক্তারপুর, নয়াগাঁও, ভাঙাপাড়া, ইদ্রিছপুর ও জিরারগাঁওসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

ভাঙাপাড়ার বাসিন্দা বিলাল হোসেন, নয়াগাঁওয়ের হানিফ মিয়া ও রায়হান মিয়া এবং শান্ত মিয়াসহ একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে সেতুটি অচল পড়ে আছে। দ্রুত কাজ শেষ করে চালু করা হলে তারা সহজেই এই সড়ক ব্যবহার করতে পারবেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য সেতুটির অ্যাপ্রোচের কাজ দ্রুত সম্পন্ন করা অত্যন্ত জরুরি।

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, এই কালভার্ট ব্রিজ এলাকায় গিয়ে খোঁজখবর নিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।


শেয়ার করুনঃ

অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন

দোয়ারাবাজার, সুনামগঞ্জ, সেতু, অনিয়ম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ