কুলাউড়ায় সিএনজির ধাক্কায় আহত বিদ্যুৎ কর্মীর মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১৮ মে, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান হারুন আলী (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।
এর আগে গত ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিদ্যুৎ বিভাগের আরও দুই কর্মচারী—হেলপার নানু মিয়া (৪০) ও গাড়িচালক কামরুল ইসলাম (৩০)—আহত হন।
পুলিশ সূত্রে জানা যায়, কাজ শেষে তিন কর্মচারী পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা পেছন দিক থেকে এসে তাদের ধাক্কা দেয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত হারুন আলীকে পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। সেখানে কয়েক দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সিএনজিচালিত অটোরিকশাসহ চালককে আটক করে থানায় নিয়ে যান। তবে পরে চালক পালিয়ে যান বলে অভিযোগ উঠে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করেছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, নিহতের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
কুলাউড়া, সিএনজি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পিডিবি, সড়ক দুর্ঘটনা