ধান পচে গন্ধ, হাওরে ডুবছে স্বপ্ন: চরম দুশ্চিন্তায় জগন্নাথপুরের কৃষক
কৃষি
প্রকাশঃ ২ মে, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন
কালবৈশাখী ঝড় ও টানা চার দিনের ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিস্তীর্ণ বোরো ধানের মাঠ পানিতে তলিয়ে গেছে। পাকা ও আধাপাকা ধান খেতেই নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও কাটা ধান ভেসে যাচ্ছে পানিতে। মৌসুমের শেষ সময়ে এসে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক মাঠে পাকা ধান হেলে পড়েছে। নিচু এলাকার নলুয়ার হাওরের বিস্তীর্ণ ধানখেত পানির নিচে। এতে ধান নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে। একদিকে দিনমজুরের সংকট, অন্যদিকে বৈরী আবহাওয়া—দ্বিমুখী চাপে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ২০ হাজার ৪২৩ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওর এলাকায় ১৪ হাজার ৪১৫ হেক্টর এবং নন-হাওর এলাকায় ৬ হাজার ৮ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে।
এদিকে যারা ধান কেটে বাড়িতে তুলতে পারেননি, তারাও বিপাকে রয়েছেন। টানা বৃষ্টির কারণে ধান মাড়াই, ঝাড়াই ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে।
নলুয়ার হাওর এলাকার কৃষক মাহবুব ভেজা ধান মাথায় করে বাড়ি ফিরছিলেন। তিনি বলেন, ‘চার দিন আগে দুই ছেলেকে নিয়ে ৩০ শতক জমির ধান কাটতে শুরু করি। অর্ধেক কাটার পর বৃষ্টি শুরু হলে বাড়ি ফিরে আসি। পরদিন গিয়ে দেখি কাটা ধান পানিতে ভাসছে। এখন ভেজা ধান তুলতেও পারছি না।’
একই এলাকার কৃষক শাহার আলী বলেন, ‘জমির ধান কেটে এক চটালও বাড়িতে নিতে পারিনি। ধান নষ্ট হচ্ছে, খড় নষ্ট হচ্ছে। খুব কষ্টে আছি।’
সাবানা বেগম বলেন, ‘৩৬ শতক জমির সেদ্ধ ধান টানা বৃষ্টিতে শুকাতে পারছি না। ধান পচে গন্ধ বের হচ্ছে। ফেলে দেওয়ার অবস্থা। ধানের দিকে তাকালে চোখে পানি আসে।’
জগন্নাথপুর গ্রামের কৃষক দিলন্দর জানান, চলতি মৌসুমে তিনি পাঁচ বিঘা জমিতে বোরো আবাদ করেছেন। এর মধ্যে দুই বিঘার ধান কেটে মাড়াই করলেও শুকাতে পারেননি। অন্যদিকে ঝোড়ো হাওয়ায় এক বিঘা জমির ধান হেলে পড়ে পানিতে ডুবে গেছে।
কৃষকেরা জানান, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেকেই ঋণ করে চাষাবাদ করেছেন। ভালো ফলনের আশায় থাকলেও মৌসুমের শেষ সময়ে টানা বৃষ্টিতে বড় ক্ষতির মুখে পড়েছেন তারা।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাউছার আহমেদ বলেন, ‘ধান নষ্টের হাত থেকে বাঁচাতে আবহাওয়া বুঝে দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে টানা বৃষ্টির কারণে কৃষকেরা ধান তুলতে পারছেন না।’ শিগগিরই আবহাওয়া অনুকূলে আসবে বলে আশা করেন তিনি।
জগন্নাথপুর ধান নষ্ট, হাওর বোরো ধান, টানা বৃষ্টির ক্ষতি, সুনামগঞ্জ কৃষক দুর্ভোগ, ধান পচে গন্ধ