জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ
দৈনন্দিন
প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৬ ৯:০১ অপরাহ্ন
খেলাফত মজলিসের নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের রক্ষাকবচ। বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় এ দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল। দেড় হাজার শহীদের জীবন আর অসংখ্য আহত ও পঙ্গুত্ববরণকারীদের রক্তের সঙ্গে গাদ্দারি করার পরিণাম শুভ হবে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় উপকারভোগী হওয়া সত্ত্বেও গণভোটে দেশের সত্তর শতাংশ মানুষের গণরায়কে তোয়াক্কা না করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনীহা প্রকাশ করছে। দীর্ঘমেয়াদি ক্ষমতার মোহ তাদের ঘাড়ে চেপে বসেছে। আমরা অবিলম্বে গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেখতে চাই। ফ্যাসিবাদী আমলের সব গুম, খুন ও গণহত্যার বিচার দ্রুত করতে হবে এবং দণ্ডিতদের রায় অবিলম্বে কার্যকর করতে হবে।
বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় নগরের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদীদের গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল হান্নান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ।
মহানগর শাখার সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহসভাপতি শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, আব্দুল হান্নান তাপাদার, ডা. মুহাম্মদ ফয়জুল হক, প্রকৌশলী আনোয়ারুল ইসলাম, মাওলানা ইমদাদুল হক নোমানি, মাওলানা গোলাম রব্বানী, সহসাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান প্রমুখ।
খেলাফত মজলিস, জুলাই সনদ, গণঅভ্যুত্থান, সিলেট, সমাবেশ, গণমিছিল