০৬ আগস্ট ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিলেটে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন


জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, গ্যাস সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের ডেপুটি কমিশনারের (ডিসি) মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। 


ডিসির পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভিন। 


এর আগে বাদ জোহর জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতা-কর্মী নগরের সিটি পয়েন্ট থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং অবস্থান কর্মসূচি পালন শেষে স্মারকলিপি জমা দেন।


স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ব্যয়, উৎপাদন খরচ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়বে। এতে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়বে, পাশাপাশি শিল্প-বাণিজ্যসহ জাতীয় অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।


স্মারকলিপিতে ১১ দফা দাবি তুলে ধরেন নেতারা। দাবিগুলোর মধ্যে রয়েছে—ভুতুড়ে বিদ্যুৎ বিলের বিষয়ে গণশুনানি, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাতিল, অতিরিক্ত আদায় করা অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত, বিদ্যুৎ বিলিংয়ে স্বচ্ছতা নিশ্চিত করা, 'গ্যাস না থাকলে বিল নয়' নীতি কার্যকর করা, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান, গ্যাসের সিস্টেম লস ও চুরি বন্ধ, শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, এলপিজি ও সিএনজির পর্যাপ্ত সরবরাহ এবং বিদ্যুৎ-গ্যাস খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। একই সঙ্গে বাজারে সিন্ডিকেট, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানান তারা।


নেতৃবৃন্দ জানান, এসব দাবি কোনো বিশেষ গোষ্ঠীর নয়; বরং সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।


স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, এনসিপি সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর আহ্বায়ক আলহাজ মাওলানা এমরান আলী, জেলা সভাপতি হাফিজ মাওলানা ইকবাল হোসেন, লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন নিয়াজী, এলডিপির সিলেট মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, নেজামে ইসলাম পার্টির মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, জাগপার সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, এবি পার্টির মহানগর আহ্বায়ক ওমর ফারুক, বিডিপির মহানগর সভাপতি কবির আহমদ, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন প্রমুখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জ্বালানি সংকট, দ্রব্যমূল্য, ১১ দলীয় ঐক্য, স্মারকলিপি, সিলেট জেলা, সিলেট মহানগর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ