শিক্ষার্থীদের মাদক ও প্রযুক্তি আসক্তি থেকে দূরে থাকার আহ্বান সিউক চেয়ারম্যানের
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সিলেট নগরীর পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়ের হলরুমে ‘ইদ্রিস অ্যান্ড আনোয়ারা ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মাদক এবং প্রযুক্তি আসক্তি থেকে দূরে রাখতে সরকার দেশব্যাপী স্কুলভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা, চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক খেলাধুলা এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মতো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সঠিক ভারসাম্য বজায় রাখার মাধ্যমে মেধা ও শরীর উভয়ই গঠন করা সম্ভব, যা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এবং বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে।’
পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট মহানগর শাখার সভাপতি মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. আহসানুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খান রাজা, ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুর রহমান (সফিক), মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন এবং সিলেট মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মোহনা সমাজ কল্যাণ সংস্থার সদস্য আজাদ হোসেন ও ব্যবসায়ী নুরুল ইসলাম নুর। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুল ইসলাম, সিনিয়র শিক্ষক দীপ্তি দেবী, ননী গোপাল রায়, শম্ভু কুমার নন্দী পুরকায়স্থ ও ইকবাল হোসেন আকন্দসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ইদ্রিস অ্যান্ড আনোয়ারা ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাতালিকায় থাকা প্রায় ৪৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
সিউক চেয়ারম্যান, রেজাউল হাসান কয়েস লোদী, শিক্ষার্থী, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়, ইদ্রিস অ্যান্ড আনোয়ারা ফাউন্ডেশন, বৃত্তি