১৮ জুলাই ২০২৬

কৃষি

সবুজায়ন ও কৃষি উৎপাদনে বানিয়াচংয়ে গাছের চারা-বীজ বিতরণ

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ৬ জুলাই, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন


কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষকদের পাশে সরকারের সহায়তার অঙ্গীকারকে আরও শক্তিশালী করতে হবিগঞ্জের বানিয়াচংয়ে ১ হাজার ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও উন্নতমানের ধানবীজ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ৪০০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বিনামূল্যে উফশী রোপা আমনের বীজ, রাসায়নিক সার এবং বৃক্ষের চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন।

 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মস্তোফা আল হাদী এবং সহ-সভাপতি মোশারফ হোসেন।

 

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৮০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী রোপা আমনের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারসহ মোট ২০ কেজি রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।

 

এছাড়া সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ৪০০ জন উপকারভোগীর প্রত্যেককে ৫টি করে বৃক্ষের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ২৫ কেজি গোবর সার বিতরণ করা হয়, যাতে তারা সহজেই চারা রোপণ ও পরিচর্যা করতে পারেন।

 

অনুষ্ঠানে বক্তারা জানান, কৃষিই বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, ফলন বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। 

এদিকে বিনামূল্যে সার, বীজ ও বৃক্ষের চারা পেয়ে সন্তোষ প্রকাশ করে উপকারভোগীরা জানান, সরকারের এই সহায়তা তাদের কৃষিকাজে নতুন উদ্দীপনা যোগাবে এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পরিবার ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


শেয়ার করুনঃ

কৃষি থেকে আরো পড়ুন

বানিয়াচং, কৃষি প্রণোদনা, আমন ধানের বীজ, সার বিতরণ, গাছের চারা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ